জাতীয়

জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদ ভবন, ১১ মার্চ – বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদের আংশিক নয় বরং এর পুরো প্যাকেজের বাস্তবায়ন চায় বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন বিরোধী দলের যতটুকু প্রাপ্য তারা ঠিক ততটুকুই নেবেন। বুধবার জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিরোধীদলীয় সংসদীয় দলের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমানের সভাপতিত্বেই এই সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সরকারি দলের প্রতি জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানান।

জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা কেমন হবে সেই বিষয়ে জামায়াত আমির জানান তারা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে নিজেদের ভূমিকা পালন করতে আগ্রহী। সরকার কোনো ভুল করলে তারা সঠিক পরামর্শ দেবেন এবং প্রয়োজনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে তার প্রতিবাদ করবেন বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে সরকারি দল থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। এই বিষয়ে বিরোধী দলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ডা. শফিকুর রহমান বলেন জাতি যথাসময়ে তাদের অবস্থান দেখতে পাবে।

এ এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language