ফুটবল

জার্সিতে ডাকনাম ব্যবহারের নিষেধাজ্ঞা, বিপাকে গোলরক্ষক ভোজিনহা

প্রায়া, ২৮ জুলাই – ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছিলেন গোলরক্ষক ভোজিনহা। দুর্দান্ত সব সেভ করে দলকে নকআউট পর্বে পৌঁছে দেওয়ার পুরস্কার হিসেবে তিনি চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দিয়েছেন।

তবে নতুন ক্লাবে যোগ দিয়ে এক অদ্ভুত আইনি জটিলতার মুখে পড়েছেন ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার। চিলির শীর্ষ ফুটবল লিগের নিয়মের কারণে তিনি তার জনপ্রিয় ডাকনাম ভোজিনহা ব্যবহার করে মাঠে নামতে পারবেন না। চিলির লিগের বর্তমান নিয়ম অনুযায়ী ফুটবলারদের জার্সিতে কোনো ধরনের ডাকনাম বা ছদ্মনাম ব্যবহার করার অনুমতি নেই।

নিয়ম অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়কে তার পুরো নাম অথবা পারিবারিক পদবি ব্যবহার করতে হবে। এই নিয়ম অমান্য করলে খেলোয়াড়কে সরাসরি হলুদ কার্ড এবং সংশ্লিষ্ট ক্লাবকে বড় অংকের জরিমানার বিধান রাখা হয়েছে। এর ফলে বিশ্বকাপে জনপ্রিয় হয়ে ওঠা ভোজিনহা নামটির পরিবর্তে তাকে তার প্রকৃত নাম জোসিমার জোসে এভোরা দিয়াস ব্যবহার করতে হবে।

জার্সিতে হয়তো এভোরা অথবা দিয়াস নামটি দেখা যেতে পারে। তবে একটি উপায়ে এই সমস্যার সমাধান হতে পারে। কোলো কোলোর সভাপতি আনিবাল মোসা যদি লিগের অন্যান্য ক্লাব সভাপতিদের রাজি করিয়ে নিয়মে পরিবর্তন আনতে পারেন, তবেই ভোজিনহা তার পরিচিত নামে খেলার সুযোগ পাবেন।

তবে বর্তমান প্রেক্ষাপটে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শুধু নাম নয় জার্সি নম্বর নিয়েও সমস্যায় পড়েছেন এই গোলরক্ষক। কোলো কোলোর ১ নম্বর জার্সিটি বর্তমানে ফার্নান্দো ডি পলের দখলে থাকায় ভোজিনহাকে সম্ভবত ১৬ নম্বর জার্সি পরে মাঠে নামতে হবে।

দীর্ঘ ক্যারিয়ারে কেপ ভার্দে ছাড়াও অ্যাঙ্গোলা, মলদোভা, পর্তুগাল ও সাইপ্রাসের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। নতুন পরিবেশে নতুন নাম ও পরিচয়ে মানিয়ে নেওয়া এই অভিজ্ঞ গোলরক্ষকের জন্য এখন এক বড় চ্যালেঞ্জ।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button