টানা দ্বিতীয় দিন বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার

ঢাকা, ১১ মার্চ – টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। এবার ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য জানিয়েছে নতুন এই দাম এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ার কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
নতুন দাম অনুযায়ী এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হবে।
এনএন/ ১১ মার্চ ২০২৬









