বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান, প্রস্তুত শাহিন আফ্রিদি

ইসলামাবাদ, ১০ মার্চ – নিজেদের মাঠে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। সাম্প্রতিক সময়ে এই সংস্করণে দলটির পারফরম্যান্স কিছুটা পড়তির দিকে থাকলেও কন্ডিশন বিবেচনায় তাদের মোটেও হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। স্বাগতিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তান দল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান অধিনায়ক জানান যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা ক্রিকেট খেলে। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে দুর্দান্ত খেলে থাকে। সম্প্রতি তারা ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে পাকিস্তান দলও এই সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান ভালো ক্রিকেট খেলেছে।
শাহিন আফ্রিদি জানান তারা কেবল সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। বর্তমান পাকিস্তান স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় থাকলেও এখানকার কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তিত নন শাহিন। কারণ এই তরুণদের অনেকেরই বাংলাদেশে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সাহিবজাদা ও হাসিবুল্লাহর মতো খেলোয়াড়রা এখানে খেলেছেন। গত বছরও বেশ কয়েকজন ক্রিকেটার এই কন্ডিশনে খেলার সুযোগ পেয়েছেন। এই মাঠ ও পিচ সম্পর্কে ধারণা থাকায় তাদের জন্য মানিয়ে নেওয়া সহজ হবে বলে বিশ্বাস অধিনায়কের।
তিনি আশাবাদী তরুণরা নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেবে।
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে পাকিস্তানের আলাদা কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে শাহিন আফ্রিদি জানান পাকিস্তানি ব্যাটাররা মোস্তাফিজের বোলিং সম্পর্কে ভালোভাবে অবগত। সম্প্রতি মোস্তাফিজের বিপক্ষে টি টোয়েন্টি এবং পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। তাই পাকিস্তানি ব্যাটারদের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই বাঁহাতি পেসার।
এনএন/ ১০ মার্চ ২০২৬









