বান্দরবান

লামায় পাইলট প্রকল্পের প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেলেন এক হাজার ৯৭ পরিবার

বান্দরবান, ১০ মার্চ – পাইলট প্রকল্পের প্রথম ধাপে বান্দরবানের লামা উপজেলায় এক হাজার ৯৭টি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে। মঙ্গলবার সকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দেশের অন্যান্য ৯টি জেলার ১৭টি এলাকার সঙ্গে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত নারী প্রধান পরিবারগুলো এই সুবিধার আওতায় এসেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং পুলিশ সুপার আবদুর রহমান।

এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা সমমানের আর্থিক সহায়তা অথবা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির পণ্য সংগ্রহ করার সুযোগ পাবেন। এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language