শেয়ারবাজারে বড় উত্থান, প্রথম আধা ঘণ্টায় ডিএসইর সূচক বাড়ল ৭৮ পয়েন্ট

ঢাকা, ১০ মার্চ – সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসইতে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টা অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৯ পয়েন্টে অবস্থান করে।
একই সময়ে ডিএসইর শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ৪৮ ও দুই হাজার তিন পয়েন্টে দাঁড়ায়। এই আধা ঘণ্টায় ডিএসইতে মোট ১২০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১৬টির দাম বেড়েছে, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ, খান ব্রাদার্স, রবি, ব্যাংক এশিয়া, ওরিয়ন ইনফিউশন, আইএফআইসি ব্যাংক ও শাইনপুকুর সিরামিক।
এর আগে মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৬০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৩ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক সকাল সাড়ে ১০টায় ৬২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৫০ পয়েন্টে অবস্থান করে। এই সময়ে সিএসইতে ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে ২১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে তিনটির এবং অপরিবর্তিত রয়েছে চারটি কোম্পানির শেয়ারের দর।
এস এম/ ১০ মার্চ ২০২৬









