কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রদূতের, গুজব রোধে মতবিনিময়

কুয়েত সিটি, ৯ মার্চ – ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রভাব পড়েছে উপসাগরীয় দেশ কুয়েতেও। এই পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসীর মাঝে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো রোধ করতে একটি ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন স্থানীয় সংবাদকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই সভায় যুক্ত হন। রবিবার অনলাইনে অনুষ্ঠিত এই সভায় কুয়েতের বাংলাদেশ প্রেসক্লাব নেতা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং সামাজিক কর্মীরা অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রবাসীদের ফ্লাইট সমস্যা, ভিসা জটিলতা, পাসপোর্ট সংক্রান্ত নানা বিষয় এবং বর্তমান পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসী বাংলাদেশিদের ধৈর্য ধারণ করার পাশাপাশি সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ প্রদান করেন। তিনি চলমান পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র বা হামলা সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা লাইভ সম্প্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। একই সঙ্গে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য তিনি প্রবাসীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। যেকোনো জরুরি প্রয়োজনে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রদূত জানান দেশে অবস্থানরত এবং কুয়েতে ফিরতে না পারা প্রবাসীদের ছুটি ও ভিসার মেয়াদসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কুয়েত সরকারের সঙ্গে দূতাবাস নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করছে। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ উপস্থিত সংবাদকর্মীরা চলমান পরিস্থিতিতে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহে দূতাবাসের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। তারা উল্লেখ করেন যে কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা নিয়মিত জাতীয় গণমাধ্যমে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট খবর এবং সর্বশেষ পরিস্থিতির আপডেট তুলে ধরছেন। জুম মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মুনিরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সিনিয়র সহসভাপতি আল আমিন রানা, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার মৌসুমীসহ অন্যান্য সংবাদকর্মী।
এস এম/ ৯ মার্চ ২০২৬









