বগুড়া

বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাহজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে

বগুড়া, ৯ মার্চ – বিএনপি নেতার দায়ের করা চাঁদাবাজির মামলায় বগুড়ার শাহজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আবুহেনা সিদ্দিকী এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায় ২০১৬ সালে বিএনপি নেতা ফজলুল হক উজ্জ্বলের কাছ থেকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ওসি আলমগীর হোসেন আদালতে হাজিরা দিতে এসেছিলেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী জেলা বিএনপির সাবেক সহপ্রশিক্ষণ সম্পাদক এবং শাহজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বল এজাহারে উল্লেখ করেছেন যে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি তৎকালীন ওসি আলমগীর হোসেন তার গাড়ি ধাওয়া করে তাকে আটক করেন।

এরপর তাকে থানায় নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। নিরুপায় হয়ে তার স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা দেওয়া হলেও তাকে একটি অজ্ঞাত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন পর গত ২৫ ফেব্রুয়ারি ফজলুল হক উজ্জ্বল আদালতে এই চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য আদালত শাহজাহানপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে দায়িত্ব প্রদান করেন।

তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেন। বগুড়া আদালতের কোর্ট পরিদর্শক শহিদুল ইসলাম জানান আদালতের সমন অনুযায়ী আলমগীর হোসেন হাজিরা দিতে আসলে শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে তাকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মামলার বাদী ফজলুল হক উজ্জ্বল জানান তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু পুলিশ কর্মকর্তা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন ও চাঁদাবাজি চালিয়েছিলেন। তিনি এই অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করেছেন যাতে ভবিষ্যতে আর কেউ ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়।

এম ম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language