এশিয়া

বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি: ৩০ বছরে প্রথমবার দাম বেঁধে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

তেহরান, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ১১৪ ডলার ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণে নতুন ও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার। প্রায় ত্রিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেশটি পেট্রোলিয়ামজাত জ্বালানির ওপর সর্বোচ্চ মূল্যসীমা বা প্রাইস ক্যাপ নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক জরুরি মন্ত্রিসভা বৈঠকে দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বব্যাপী জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব থেকে দেশের সাধারণ ভোক্তা এবং শিল্পখাতকে সুরক্ষা দিতে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই ব্যবস্থা কার্যকর করবে। সাধারণত দক্ষিণ কোরিয়ার জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ওঠানামা করে। সরকার সাধারণত কর সমন্বয় অথবা ভর্তুকি প্রদানের মাধ্যমে বাজারকে স্থিতিশীল রাখার চেষ্টা করে।

তবে বর্তমান বৈশ্বিক অস্থিরতা এবং আকাশচুম্বী দামের কারণে ত্রিশ বছরের মধ্যে প্রথমবার সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে প্রশাসন। বাজার বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার মতো জ্বালানি আমদানিনির্ভর অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। এই সংকটময় পরিস্থিতি সামাল দিতেই সরকার সরাসরি মূল্যসীমা নির্ধারণের মতো ব্যতিক্রমী ও জরুরি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language