ক্রিকেট

২৪০ বছরের ইতিহাসে প্রথম: ৫ বলে ৫ উইকেট নিলেন কিউই পেসার ব্রেট রানডেল

নেপিয়ার, ৮ মার্চ – প্রথম শ্রেণির ক্রিকেটের দীর্ঘ ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট রানডেল।

নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। নেপিয়ারের ম্যাকলিন পার্কের ব্যাটিং স্বর্গে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার হেনরি কুপারকে ফিরিয়ে তিনি উইকেটের খাতা খোলেন।

এরপর নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই তিনি বোল্ড করেন নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা জিত রাভালকে এবং পরের বলে জো কার্টারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

তৃতীয় বলে রবি ও’ডোনেল স্লিপে ক্যাচ দিলে ডাবল হ্যাটট্রিকের স্বাদ পান রানডেল এবং পরের বলে ক্রিস্টিয়ান ক্লার্ককে বোল্ড করে গড়েন এই অনন্য ইতিহাস। রানডেলের তোপে মাত্র ৯ রানে ৫ উইকেট হারিয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টস শেষ পর্যন্ত ৮২ রানে অলআউট হয়।

ইনিংসে ২৫ রানে ৭ উইকেট শিকার করেন রানডেল যা প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেরা বোলিং ফিগার। এর আগে পেশাদার ক্রিকেটে টি-টোয়েন্টি সংস্করণে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ও জিম্বাবুয়ের কেলিস এনধলোভু ৫ বলে ৫ উইকেট পেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা এটিই প্রথম।

এম ম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language