জাতীয়

জ্বালানি সংকট এড়াতে আজ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু

ঢাকা, ৮ মার্চ – দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের সংকট মোকাবিলার লক্ষ্যে আজ রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে দেশের পেট্রোল পাম্পগুলোতে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাজধানীর পরীবাগে একটি পেট্রোল পাম্প পরিদর্শনকালে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রেশনিং পদ্ধতিতে জ্বালানি বিক্রির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নির্দেশনার বিস্তারিত জানিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, একটি মোটরসাইকেলে দৈনিক সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন এবং ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার পর্যন্ত জ্বালানি তেল নেওয়া যাবে। এ ছাড়া এসইউভি বা জিপ এবং মাইক্রোবাসের ক্ষেত্রে দিনে ২০ থেকে ২৫ লিটার তেল সংগ্রহের সুযোগ থাকবে।

বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে পিকআপ বা লোকাল বাসের জন্য প্রতিদিন ৭০ থেকে ৮০ লিটার ডিজেল বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনার ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার জ্বালানি তেল সরবরাহের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language