কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত সিটি, ৮ মার্চ – কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক এবং একটি ভবনে আগুন ধরে যায়। কুয়েত সরকার জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সেগুলো সফলভাবে ধ্বংস করেছে।
কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে ড্রোন হামলার ফলে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক এবং পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই স্থানের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তা পুরোপুরি নির্বাপন করেন। উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে।
এর জবাবে ইরানও তাৎক্ষণিক পাল্টা আক্রমণ চালায়। এই সংঘাতের জেরে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ইরানি বাহিনী হামলা চালাচ্ছে বলে জানা গেছে।
এস এম/ ৮ মার্চ ২০২৬









