আইন-আদালত

কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ট্রাকে অভিযান: ৯ জনকে জরিমানা, একজনের কারাদণ্ড

নোয়াখালী, ৬ মার্চ – নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্সবিহীন ওভারলোডেড ট্রাকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আইন অমান্য করার দায়ে ৯ জনকে অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বসুরহাট পৌরসভার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

আদালত সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন-২০১৮ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মহিউদ্দিন, নূর হোসেন, ইসমাইল ও সাজু নামের চার ট্রাকচালককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় মাইনুদ্দীন নামের অপর এক চালককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে এমদাদুল হক, দেলোয়ার হোসেন, রুপম ও সাকিব নামের চার ড্রাম ট্রাক চালককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হলে তাদের মধ্যে একজন টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। ফলে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মুছাপুর ও চর এলাহী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়াই বালু উত্তোলন ও পরিবহন চালিয়ে যাচ্ছেন। এতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এছাড়া খোলা ট্রাকে বালু পরিবহনের ফলে সৃষ্ট ধুলাবালি ও শব্দদূষণে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম জানান, অবৈধভাবে বালু পরিবহনের কারণে যেমন রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। তাই অনুমোদনহীন বালু ব্যবসায়ী ও ট্রাকচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএএস/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language