সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

ঢাকা, ৫ মার্চ – সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অবশেষে জামিন পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। এর আগে তার জামিন প্রশ্নে জারি করা রুলটি যথাযথ ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত। আদালতে সাংবাদিক আনিস আলমগীরের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন আইনজীবী তামান্না ফেরদৌস।
মামলার বিবরণ থেকে জানা যায়, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত বছরের ডিসেম্বর মাস থেকে কারাগারে বন্দী ছিলেন এই সাংবাদিক। নিম্ন আদালতে একাধিকবার জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়। সবশেষ গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নাকচ করে দেয়। নিম্ন আদালতে বিফল হয়ে পরবর্তীতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। অবশেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করায় এখন তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এসএএস/ ৫ মার্চ ২০২৬









