জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ঢাকা, ৫ মার্চ – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের নামে জনতা ব্যাংকে থাকা দুটি সঞ্চয় হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

এই দুটি ব্যাংক হিসাবে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা জমা রয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের বা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ৫ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

ওই আবেদনে উল্লেখ করা হয় যে লুৎফুল তাহমিনা ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাকে এই অপরাধে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া লুৎফুল তাহমিনা নিজ নামে এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

ওই অর্থের স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তিনি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় মামলা দায়ের করা হয়। তদন্ত চলাকালীন বিশ্বস্ত সূত্রে জানা যায় যে তারা মামলা সংশ্লিষ্ট অপরাধলব্ধ সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন যা করতে পারলে মামলার মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে।

তাই মামলার বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তির সুবিধার্থে লুৎফুল তাহমিনার নামে থাকা দুটি সঞ্চয় হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালত মনে করেন।

এম ম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language