মধ্যপ্রাচ্যে আটকে পড়া ১৮৯ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরল বিশেষ ফ্লাইট

ঢাকা, ৫ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত থাকায় সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে যাত্রীদের নিরাপদে অবতরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের দুর্ভোগ কমাতে এবং মানবিক সহায়তা হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্স বিশেষ এই ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবী এবং সেখান থেকে পুনরায় ঢাকায় ফিরে আসার রুটে এই ফ্লাইটটি পরিচালিত হয়।
বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রা শুরু করে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে আবুধাবীতে পৌঁছায় এবং সেখান থেকে স্থানীয় সময় রাত ১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭ ৮০০ উড়োজাহাজের মাধ্যমে এই বিশেষ কার্যক্রম সম্পন্ন করা হয়।
আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে পরিচালিত এই ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটকে পড়া ২৮ জন ক্রু সদস্যকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
এছাড়া যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তাদের এই ভ্রমণে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এনএন/ ৫ মার্চ ২০২৬









