আমিরাতে রাফাল যুদ্ধবিমান ও ভূমধ্যসাগরে রণতরি পাঠাচ্ছে ফ্রান্স

প্যারিস, ৪ মার্চ – সংযুক্ত আরব আমিরাতে নিজেদের একমাত্র সামরিক ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবুধাবির আল-ধাফরা এলাকায় অবস্থিত ওই ঘাঁটিতে যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন। ক্যাম্প দে লা পাইক্স নামের এই ঘাঁটিটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং সেখানে ফ্রান্সের তিন বাহিনীর কয়েকশ সদস্য অবস্থান করছেন।
সম্প্রতি একটি ফরাসি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত ১ মার্চ আমিরাতের এই ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় যাতে একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটির আকাশসীমা সুরক্ষিত রাখতেই মূলত রাফাল যুদ্ধবিমানগুলো সেখানে পাঠানো হচ্ছে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ভূমধ্যসাগরে ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরি ‘চার্লস দ্য গল’ মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি, সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স এই পদক্ষেপ নিচ্ছে। সংকট মোকাবিলায় ফ্রান্স একটি বহুজাতিক জোট গঠনেরও প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
এস এম/ ৪ মার্চ ২০২৬









