জাতীয়

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৩ মার্চ – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার সকাল ১১টায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুপুরে এক বিবৃতিতে জামায়াতে ইসলামী বাংলাদেশ এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত এবং তার সার্বিক সফলতা কামনা করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

এছাড়া তারা আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। একইসঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং ও রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং উপস্থিত ছিলেন। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান বৈঠকে অংশ নেন।

এম ম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language