মধ্যপ্রাচ্য

ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় আরব দেশগুলো এখন সক্রিয় হতে চায়: ট্রাম্প

তেহরান, ৩ মার্চ – শুরুতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে অনিচ্ছুক থাকলেও এখন আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয় ভূমিকা নিতে চাপ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটিই দাবি করেছেন। তাঁর মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরান হামলা চালানোর কারণেই আরব দেশগুলো এই পদক্ষেপ নিচ্ছে। সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান যে বেশ কয়েকটি আরব দেশ তেহরানের আক্রমণের মুখে পড়েছে এবং যার ফলে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

তিনি বলেন আমরা অবাক হয়েছিলাম কারণ তারা এখন আক্রমণাত্মকভাবে লড়াই করছে। তাদের খুব কম হামলা করার কথা থাকলেও এখন তারা পুরোপুরি আক্রমণাত্মক হয়ে উঠেছে। সপ্তাহের শুরুতে ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার পর তেহরান প্রতিক্রিয়া দেখায়। তারা তেল আবিব এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন নিক্ষেপ করে।

পরবর্তী সময়ে বাহরাইন, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও আক্রমণ পরিচালনা করে ইরান। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ছয়টি আরব দেশ একটি জোরালো যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সেখানে অঞ্চলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানকে বেপরোয়া ও অযৌক্তিক বলে নিন্দা জানানো হয়। সাতটি দেশ ইরানের আচরণকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে অভিহিত করে উল্লেখ করেছে যে এটি একাধিক রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language