মধ্যপ্রাচ্য

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হামলার আশঙ্কায় সৌদির তেল শোধনাগার বন্ধ

কুয়েত শহর, ২ মার্চ – কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সোমবার সকালে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এই দুর্ঘটনায় বিমানের ক্রুরা নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়টির দাপ্তরিক মুখপাত্র কর্নেল সৌদ আল আতওয়ান জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই দ্রুত তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। ক্রুদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ড্রোন হামলার পর তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ ঘোষণা করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাস তানুরা কমপ্লেক্সটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শোধনাগার, যার দৈনিক উৎপাদনক্ষমতা প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। এটি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ব্রেন্ট ক্রুডের দর প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখর এলাকায় ইরান সমর্থিত আধাসামরিক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ওই স্থাপনা ও গুদামগুলোতে ব্যাপক অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামগ্রিক পরিস্থিতিতে চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংঘাত বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

এনএন/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language