কুমিল্লা

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য ও বাজি জব্দ

কুমিল্লা, ২ মার্চ – কুমিল্লায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও আতশবাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার (২ মার্চ) ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির আওতাধীন লক্ষ্মীপুর সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।

সোমবার বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ‘বলের ডেপা’ নামক স্থানে অভিযান চালায় বিজিবির টহল দল।

সেখানে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য ও কিং কোবরা ব্র্যান্ডের আতশবাজি পাওয়া যায় যা অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল।

লে. কর্নেল মীর আলী এজাজ জানান, এ ধরনের চোরাচালান দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং জননিরাপত্তার জন্যও হুমকির কারণ হয়ে দাঁড়ায়।

বিশেষ করে অবৈধ বাজির মজুদ ও পরিবহন অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম ম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language