জাতীয়

আরব আমিরাতে হামলায় নিহত বাংলাদেশি সালেহ আহমেদের পরিচয় শনাক্ত

মৌলভীবাজার, ২ মার্চ – সংযুক্ত আরব আমিরাতে ইরানের পাল্টা হামলায় এক বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ওই বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামের ছবর আলীর ছেলে।

রোববার রাতে নিহতের চাচাতো ভাই ও আরব আমিরাত প্রবাসী মাহবুব আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান যে সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে সেখানে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় ইফতারের পর তিনি কাজে বের হলে এই হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় সালেহ আহমেদ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি পণ্য সরবরাহের কাজে বের হয়েছিলেন। তখন তার সঙ্গে একজন সহকর্মীও ছিলেন। হঠাৎ আকাশে উজ্জ্বল বস্তুর দেখা মেলার পর বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ঘটনাস্থলে সালেহ আহমেদকে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয় সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহতদের হাসপাতালে প্রেরণ করে।

রোববার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে আমিরাত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সালেহ আহমেদ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। বাংলাদেশে তার মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। শনিবার ইফতারের পর শেষবারের মতো পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান নিহতের পরিচয় ও পারিবারিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এনএন/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language