সাহিত্য

লেখালেখি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মাহবুব হাসান ও আবদুল হাই শিকদার

ঢাকা, ১ মার্চ – লেখালেখি সাহিত্য পুরস্কার জাতীয় কমিটির পক্ষ থেকে আগামী দুই বছরের জন্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের জন্য কবি ড. মাহবুব হাসান এবং ২০২৬ সালের জন্য কবি আবদুল হাই শিকদার এই সম্মানে ভূষিত হচ্ছেন। শিল্প ও সাহিত্য অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। রবিবার দুপুরে রাজধানীর রোকেয়া সরণীতে অবস্থিত কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। শীঘ্রই একটি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে উভয় কবির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে এই সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে এবং ইতিপূর্বে কবি আল মাহমুদ, কবি আল মুজাহিদী, কবি আসাদ চৌধুরী ও ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুর এই পুরস্কার অর্জন করেছেন। পুরস্কারপ্রাপ্ত ড. মাহবুব হাসান একজন বহুমাত্রিক লেখক হিসেবে পরিচিত। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষক। উত্তর ঔপনিবেশিক ও উত্তর আধুনিক চেতনার সংমিশ্রণে নতুন সাহিত্যধারা তৈরিতে তার ভূমিকা অনস্বীকার্য।

১৯৫৪ সালের ২৮ এপ্রিল টাঙ্গাইলে জন্মগ্রহণ করা এই লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং বাংলা ভাষা ও সাহিত্যের কবিতায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অন্যদিকে, কবি আবদুল হাই শিকদার ১৯৫৭ সালের ১ জানুয়ারি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক এবং ২০০৬ সালে শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়া এই কবি বর্তমানে দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে। তিনি রাজনীতির সাথেও সম্পৃক্ত এবং বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language