সংসদ চরিত্র হননের মঞ্চ নয়, সমস্যা সমাধানের কেন্দ্র হবে: শফিকুর রহমান

ঢাকা, ১ মার্চ – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ কোনোভাবেই কারও চরিত্র হননের মঞ্চ হতে পারে না; বরং এটি হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। গতানুগতিক বা নামকাওয়াস্তে বিরোধী দল হিসেবে নয়, জামায়াতে ইসলামী সংসদে একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চায়। শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, জাতীয় সংসদের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং তা যেন জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজে লাগে, সেটাই তাদের লক্ষ্য। সরকারি দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে বিরোধী দল থেকেও গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, অতীতে নির্বাচনের মতো বিরোধী দলও ‘ডামি’ ছিল, যা দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনেনি। সরকারের যেকোনো যৌক্তিক পদক্ষেপে জামায়াতের পূর্ণ সমর্থন থাকবে। তবে কোনো অসংগতি দেখলে বিরোধী দল হিসেবে দৃষ্টি আকর্ষণ ও সংশোধনের পরামর্শ দেওয়া হবে এবং সরকার তা গ্রহণ করলে জাতি উপকৃত হবে।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কারি বেলাল হোসাইন এবং মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
এস এম/ ১ মার্চ ২০২৬









