ঠাকুরগাঁওয়ে ২০২৭ সালের মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা মির্জা ফখরুলের

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – ঠাকুরগাঁও জেলার উন্নয়নে প্রথম ধাপে মেডিকেল কলেজ স্থাপনের জন্য ঢাকা থেকে একটি প্রতিনিধি দল ইতিমধ্যে কাজ শুরু করেছে।
আগামী ২০২৭ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারি দপ্তরের প্রধানদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
দেশকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে একটি সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সাবেক উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।
যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন বা দুদক স্বাধীনভাবে কাজ করবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের দপ্তরে যাদের বিরুদ্ধে দুদকের মামলা চলমান রয়েছে তারা আর সরকারি দপ্তরে কাজ করতে পারবেন না বলে তিনি হুঁশিয়ারি দেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে তিনি মাদক নির্মূলের ওপর জোর দেন।
এছাড়া স্থানীয় সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, কৃষি খাতের বিকাশ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী ও যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। সরকারের অঙ্গীকার অনুযায়ী জেলায় দ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









