উত্তরায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাইদুর ইসলাম, মো. সোবহান, মো. মানিক মিয়া, মো. রিফাত, মো. রিয়াজুল ইসলাম রিয়াদ, মো. আলআমীন, সাদনিক আহসান সাফোয়ান এবং শফিকুল ইসলাম হৃদয়। পুলিশ জানায়, শুক্রবার উত্তরা পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই আটজনকে আটক করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









