স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ ও গণমাধ্যম সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর

বরিশাল, ২৭ ফেব্রুয়ারি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পান। তিনি জানান, প্রতিটি ইউনিয়নে সুবিধাভোগী নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে চেয়ারম্যান ও দুইজন সমাজসেবকের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হবে।
এই টিমের মাধ্যমে উপকারভোগীদের যথার্থতা যাচাই করে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত থেকে কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি। শুক্রবার বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। গণমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার আওতায় আনতে চায়।
তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বব্যবস্থার সাথে তাল মিলিয়ে গণমাধ্যমের নীতিমালা ও ব্যবস্থাপনায় সংস্কার আনা প্রয়োজন, যা এতদিন হয়ে ওঠেনি। মন্ত্রণালয়ের দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, নীতিনির্ধারকদের সাথে আলোচনার মাধ্যমে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে এবং সাংবাদিকসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে। তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতাকে একে অপরের পরিপূরক হিসেবে উল্লেখ করেন। বরিশাল আদালত পাড়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জেলা প্রশাসকের কাছ থেকে বিস্তারিত জেনে আইনমন্ত্রী ও সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করবেন।
এর আগে অনুষ্ঠানে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের মাঝে বিআরটিএ’র অনুদানের ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতনতা, ট্রাফিক আইন মানা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া পরিবহন খাতে চাঁদাবাজি ও অরাজকতা বন্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে সভায় বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









