ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় মন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পুলিশ ভ্যান উল্টে আহত ৭

ব্রাহ্মণবাড়িয়া, ২৭ ফেব্রুয়ারি – ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে নিরাপত্তা ও গার্ড অব অনার দিতে যাওয়ার সময় পুলিশবাহী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে উল্টে গেলে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।

পুলিশ সূত্র জানিয়েছে সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল প্রতিমন্ত্রীর প্রটোকল ডিউটির উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি দড়িভেলানগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের ডান পাশের জমিতে উল্টে পড়ে। এতে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আঘাত পান।

এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই নিজাম আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত জুয়েল মিয়া ও শরিফকে উন্নত চিকিৎসার জন্য সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে জুমার নামাজের পর বাঞ্ছারামপুর হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি আহতদের খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের যথাসম্ভব উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language