জুমার নামাজের পর রাজধানীসহ সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি জুমার নামাজের পরপরই দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র বা ইএমএসসি-এর তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূপৃষ্ঠ থেকে কম্পনটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের আসাম ও মেঘালয় সীমান্ত সংলগ্ন এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জুমার নামাজের ঠিক পরেই এই কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ দেশের অনেক স্থানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বহুতল ভবন ও বাসাবাড়ি ছেড়ে দ্রুত রাস্তায় নেমে আসেন। এর আগে গত বুধবার রাতে ৫.১ মাত্রার এবং গতকাল বৃহস্পতিবার দুপুরে ৪.৬ মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।
স্বল্প সময়ের ব্যবধানে পর পর এবং আজ পুনরায় মাঝারি মাত্রার এই ভূমিকম্পে জনমনে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। ঢাকা ছাড়াও সিলেট,
ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









