বরিশালে আইনজীবী সমিতির সভাপতির মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

বরিশাল, ২৬ ফেব্রুয়ারি – বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আদালত ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ চলাকালে আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিলেও বড় কোনো সমাবেশ বা মিছিল অনুষ্ঠিত হয়নি।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে আদালত এলাকায় পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা গেছে, আদালত চত্বরে এক ধরণের থমথমে পরিবেশ বিরাজ করছে এবং নিয়মিত কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছে।
গ্রেপ্তার আতঙ্কে অনেকেই আদালতে উপস্থিত হননি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন শুনানিকে কেন্দ্র করে সম্প্রতি অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের উপস্থিতিতে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় বিএনপিপন্থী ২০ জন আইনজীবীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রধান আসামি আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে বুধবার গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









