দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৬১ হাজার

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সোমবার সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং আজ বৃহস্পতিবারও সারাদেশে এই বর্ধিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এই সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট ছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ক্রেতাদের স্বর্ণ ক্রয়ের সময় নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নিয়ম অনুযায়ী ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইনভেদে এই মজুরির তারতম্য হতে পারে। এদিকে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হচ্ছে।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬








