বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ ১৮ জন আটক

বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি – কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য পুলিশ। আটককৃতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির কারণে এই ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে তাদের চাপিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের কোথায় নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, ১৮ জনের মধ্যে শিশু বাদে বাকিরা বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করতেন। সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে পুলিশ তাদের নাগরিকত্ব সংক্রান্ত বৈধ নথিপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন।
হাওড়া স্টেশনে পৌঁছানোর পরও এই ১৮ জনকে কোথায় নিয়ে যাওয়া হবে, তা স্পষ্ট নয়। এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করা হলেও তারা কোনো উত্তর দিতে রাজি হননি।
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









