ঝালকাঠি

ঝালকাঠিতে ইয়াবাসহ আটকের সময় পুলিশের হাতে কামড় দিলেন মাদক কারবারি

ঝালকাঠি, ২৫ ফেব্রুয়ারি – ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আট পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ চেঁচরী এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম সুজন হাওলাদার (৩০)। তিনি উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বাসিন্দা মো. সোবাহান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি দল দক্ষিণ চেঁচরী এলাকায় সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে অবস্থানরত সুজনকে আটকের চেষ্টা করা হয় এবং তার শরীর তল্লাশি করে আট পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্বদানকারী এসআই রতন চন্দ্র হালদার তাকে আটক করতে গেলে সুজন হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি এসআই রতনের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এতে পুলিশ কর্মকর্তা আহত হন। পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুজনকে আটক করেন।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্ব পালনকালে এসআইকে কামড় দিয়ে জখম করা হয়েছে এবং অভিযুক্তের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আহত এসআইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language