রাজধানীতে আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচির তালিকা

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – রাজধানীতে বিভিন্ন কর্মসূচির কারণে সড়কে চলাচলে প্রায়ই বিঘ্ন ঘটে, তাই বাসা থেকে বের হওয়ার আগে দিনের প্রধান কর্মসূচিগুলো জেনে নেওয়া জরুরি। মঙ্গলবার দিনভর রাজনীতি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একাধিক কর্মসূচি রয়েছে। নরসিংদীর ৫টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সকাল ১০টায় ঢাকা বার্ন হাসপাতালে চট্টগ্রাম হালিশহরে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে যাবেন। দুপুর ২টায় জিয়া উদ্যানে ডিএনসিসি ও ডিএসসিসির নবনিযুক্ত দুই প্রশাসক যথাক্রমে মো. শফিকুল ইসলাম খান ও মো. আব্দুস সালাম জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
এদিকে বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন। একই সময়ে তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ভূমিসেবা কলসেন্টার পরিদর্শন করবেন। এছাড়া বিকেল পৌনে ৫টায় শেওড়াপাড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









