ফ্রান্সে মুসলিমদের হৃত গৌরব ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফরাসি এমপির

প্যারিস, ২৪ ফেব্রুয়ারি – ফ্রান্সের সেইন-সাঁ-দোনী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সংসদের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কমিটির সদস্য সুমইয়া বোরোয়াহা বলেছেন, ইসলামের শাশ্বত আদর্শের ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ফ্রান্সের মুসলিম নাগরিকরা আমাদের জাতির অবিচ্ছেদ্য অংশ এবং তাদের অবদান আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে।
আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়তে চাই যেখানে সম্মান, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া বিদ্যমান থাকবে। ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুমইয়া বোরোয়াহা আরও উল্লেখ করেন যে, মুসলমানদের একসময় গৌরবময় অধ্যায় ছিল যখন তারা ধর্মীয় অনুশীলন ও শিক্ষায় শীর্ষে অবস্থান করত। সেই হৃত গৌরব ফিরিয়ে আনতে সমন্বিতভাবে সবাইকে কাজ করতে হবে এবং পরবর্তী প্রজন্মকে আদর্শিক শিক্ষা ও ইতিহাস সম্পর্কে জানাতে হবে।
বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খন্দকার হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্তা কম্যুনের মেয়র আজেদিন তাইবি। মেয়র তার বক্তব্যে বাংলাদেশি কমিউনিটির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এই আয়োজন ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে গির্জার মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য ডায়োসিস পর্যায়ের সেবা বিভাগের উইলহেম কোয়ান্দ্র এবং এসডিআরএম ৯৩-এর সহ-প্রতিনিধি সোর এলোদি ব্লঁদেল বক্তব্য রাখেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারের কোষাধ্যক্ষ কামরুল হাসান, কমিউনিটি ব্যক্তিত্ব জালাল আহমেদ, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, এফবিজেএ-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব শহিদুল ইসলাম ও অ্যাক্টিভিস্ট খান খালেদ মাহমুদ। রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক আহমাদুল ইসলাম। স্থানীয় সিটি কর্পোরেশনের সহকারী মেয়র, প্যারিসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উপস্থিতিতে এই ইফতার মাহফিলটি একটি মিলনমেলায় পরিণত হয়।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬

