জাতীয়

রাষ্ট্রীয় দায়িত্ব শেষে ঢাবির শিক্ষকতায় ফিরলেন আসিফ নজরুল

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে নিজের পুরোনো কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

নির্বাচনের পর নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শেষে তিনি পুনরায় শিক্ষকতা পেশায় মনোনিবেশ করলেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ম. মোখতার আহমেদ গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অধ্যাপক আসিফ নজরুল বিভাগে যোগদান করেছেন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসভবনে অবস্থান করছেন।

মোখতার আহমেদ আরও জানান, বিভাগে যোগদানের পর শিক্ষার্থীদের অনেকেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সোমবারও তিনি বিভাগে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন জানান, অধ্যাপক আসিফ নজরুল তাদের ক্লাসে এসে সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন। তৃতীয় বর্ষে তিনি শিক্ষার্থীদের একটি কোর্স নিতে পারেন বলেও আভাস পাওয়া গেছে।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language