বায়ুদূষণে আজ বিশ্বের তৃতীয় অবস্থানে ঢাকা

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়।
সোমবার সকাল ১১টা ৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) লাইভ সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচকে শীর্ষে থাকা দিল্লির স্কোর ২৪৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়ে। অন্যদিকে, ২৪২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের বাতাসও একই ক্যাটাগরিভুক্ত। তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২১৭, যার অর্থ হলো এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









