জাতীয়

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ষষ্ঠ

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচকে স্কোর দেখা গেছে ৩৮৮ যা দুর্যোগপূর্ণ অবস্থার ইঙ্গিত দেয়। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ষষ্ঠ অবস্থানে রয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে।

সে সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ছিল ১৮৫। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং শহরটির স্কোর ২২৩। তৃতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ১৯৭। এছাড়া ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা এবং ১৮৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে ইরাকের বাগদাদ।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তা নির্ধারণ করা হয়। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language