দক্ষিণ এশিয়া

থাইল্যান্ডের সাফারি পার্কে ভাইরাসে ৭২টি বাঘের মৃত্যু

থাইল্যান্ড, ২১ ফেব্রুয়ারি – থাইল্যান্ডের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ব্যক্তিগত সাফারি পার্কে গত কয়েক সপ্তাহের ব্যবধানে অন্তত ৭২টি বাঘের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে এই বাঘগুলোর মৃত্যু হয় বলে জানা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, মৃত বাঘগুলোর নমুনা পরীক্ষায় মারাত্মক সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের পাশাপাশি শ্বাসযন্ত্রকে ক্ষতিগ্রস্তকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতনামুংক্লানন স্থানীয় গণমাধ্যমকে জানান, বাঘগুলো অসুস্থ হয়ে পড়লেও বিড়াল বা কুকুরের মতো তাদের রোগলক্ষণ সহজে বোঝা যায় না।

তিনি বলেন, যখন তাদের অসুস্থতা ধরা পড়ে, ততক্ষণে চিকিৎসার সুযোগ অনেকটাই কমে গিয়েছিল। সোমচুয়ান রতনামুংক্লানন আরও নিশ্চিত করেছেন যে, বাঘগুলোর মৃত্যু হয়েছে চিয়াং মাই প্রদেশের টাইগার কিংডম সাফারি পার্কে। উল্লেখ্য, পার্কটি তাদের ওয়েবসাইটে দর্শকদের জন্য বাঘ স্পর্শ করা ও ছবি তোলার সুযোগের বিজ্ঞাপন দিয়ে থাকে।

এদিকে প্রাণী অধিকার সংস্থা পেটা এশিয়া অভিযোগ করেছে, বন্দিদশা, দুর্দশা ও ভীতির মধ্যেই বাঘগুলোর জীবন কেটেছে। সংস্থাটি আরও জানায়, পর্যটকদের সংখ্যা কমে গেলে এ ধরনের বাণিজ্যিক স্থানগুলো দ্রুত অলাভজনক হয়ে পড়তে পারে, যা ভবিষ্যতে এমন নেতিবাচক ঘটনা হ্রাসে ভূমিকা রাখতে পারে।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language