খনিজ ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে মোদি-লুলার গুরুত্বপূর্ণ বৈঠক আজ

নয়া দিল্লি, ২১ ফেব্রুয়ারি – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ উপাদানে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বৈঠকে বসতে যাচ্ছেন। ব্রাজিলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই খনিজ উপাদানের মজুদ রয়েছে যা বৈদ্যুতিক যানবাহন, সৌর প্যানেল, স্মার্টফোন এবং গাইডেড মিসাইল তৈরিতে অপরিহার্য। বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত বর্তমানে নতুন সরবরাহকারীদের সন্ধান করছে এবং একই সঙ্গে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এক ডজনেরও বেশি মন্ত্রী ও ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধিদল নিয়ে গত বুধবার একটি বৈশ্বিক শীর্ষ সম্মেলনের জন্য নয়াদিল্লিতে পৌঁছেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় দুই নেতা খনিজ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া উভয় দেশের মধ্যে বাণিজ্য সংযোগ বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত ইতোমধ্যেই ব্রাজিলের রপ্তানির জন্য দশম বৃহত্তম বাজার হিসেবে আবির্ভূত হয়েছে এবং ২০২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
দুই দেশ ২০৩০ সালের মধ্যে ২০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নয়াদিল্লিতে অবস্থিত কাউন্সিল অন এনার্জি এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞ ঋষভ জৈন এএফপিকে জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে ব্রাজিলের সঙ্গে ভারতের এই ক্রমবর্ধমান সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক সরবরাহ সংক্রান্ত উদ্যোগগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে।
এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬









