গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল

গাজীপুর, ২১ ফেব্রুয়ারি – জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে এবং ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্রের তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। এবার মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা নেওয়া হবে। মেধাতালিকা প্রণয়নে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে যথাক্রমে ৪০ ও ৬০ শতাংশ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভিত্তি ধরা হবে। এমসিকিউ পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language