২১ ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: র্যাব মহাপরিচালক

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – আগামীকাল ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তার ঝুঁকি বা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। র্যাব মহাপরিচালক বলেন, কোনো ধরনের হুমকি না থাকলেও সব ধরনের পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে বিশেষ ‘সুইপিং’ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, নিরাপত্তা নিশ্চিতে শহীদ মিনার এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে র্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ইনার ও আউটার প্যারিমিটারে পর্যাপ্ত ফোর্সের পাশাপাশি ফুট পেট্রোল, ভেহিক্যাল পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া ভিভিআইপি, ভিআইপি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের সুবিধার্থে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব প্রধান।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬









