মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

মাদারীপুর, ১৯ ফেব্রুয়ারি – মাদারীপুরের ডাসার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মাদারীপুর ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হুমায়ুন, তাসলিমা, নুর আলম, বাবুল আযানি, হায়দার হোসেন, মঞ্জু, আলামিন, তোফায়েল, আরিফ শিকদার, সুজন, লিটন ও সোহাগের নাম জানা গেছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান যে সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে ইমরান পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী প্রাণ হারান এবং আরও অনেকে গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয় যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









