জাতীয়

দেশে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – দেশে আবারও মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। সংস্থাটির তথ্যমতে, ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও। অন্যদিকে মাই আর্থকোয়েক অ্যালার্ট অ্যাপের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন গণমাধ্যমকে জানান, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৪ দশমিক ১০। এর গভীরতা কম হওয়ায় আশপাশের এলাকাগুলোতে কম্পন অনুভূত হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language