ব্যবসা

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম, জানুন নতুন দর

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দরপতনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানভেদে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৯টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৯১ টাকা কমিয়ে ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা দরে বিক্রি হবে।

স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language