আগামীর শিক্ষাব্যবস্থা বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – আগামী দিনের শিক্ষাব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ২০ কোটি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছেন, সেই শিক্ষাব্যবস্থার উন্নয়নে পুরো পরিকল্পনা নিয়ে সরকার কাজ করবে। তিনি উল্লেখ করেন যে, প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও ভোকেশনালসহ শিক্ষার প্রতিটি স্তরেই নতুন করে সংস্কার ও গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষাখাতে বিদ্যমান নানাবিধ সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার সেই সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করেছে।
ববি হাজ্জাজ তাঁর স্বপ্নের কথা তুলে ধরে বলেন, এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে বিশ্বের অন্যান্য দেশ তাদের সন্তানদের বাংলাদেশে পড়তে পাঠাতে চাইবে এবং বাংলাদেশের সন্তানদের বিদেশে যাওয়ার জন্য উদগ্রীব হতে হবে না। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাবে।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









