পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের অভিনন্দন

বাংলাদেশ, ১৮ ফেব্রুয়ারি – বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত। উভয় দেশই দ্বিপক্ষীয় সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্যে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয় যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পৃথক বার্তায় ড. রহমানকে এই অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দেশের শীর্ষ নেতাদের গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রী ড. রহমানের সঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
এর মাধ্যমে তিনি চীন ও বাংলাদেশের মধ্যকার বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ঢাকার সঙ্গে সম্পর্কের ওপর বেইজিং বিশেষ গুরুত্ব দেয় উল্লেখ করে ওয়াং ই বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তাঁর বার্তায় দুই দেশের পারস্পরিক উন্নতি ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের কথা উল্লেখ করে জয়শঙ্কর আশা প্রকাশ করেন যে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপাক্ষিক যোগাযোগ ও সহযোগিতা আগামীতে আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর ড. খলিলুর রহমান সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









