কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভেঙে ফেলা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, পরে ছিঁড়ে ফেললেন সমন্বয়ক

কুড়িগ্রাম, ১৮ ফেব্রুয়ারি – কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বর এলাকায় ভেঙে ফেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে ওই স্থানে নতুন করে ব্যানারটি ঝুলতে দেখা যায়।

এই ঘটনার একটি ভিডিও জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের পতাকা উড়বেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ভেঙে ফেলা ওই ভবনের সামনে লাগানো ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা কার্যালয় লেখা রয়েছে। সেখানে পাঁচ থেকে সাতজন যুবককে দাঁড়িয়ে জয় বাংলাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ ঘটনাস্থলে গিয়ে নিজ হাতে ব্যানারটি ছিঁড়ে ফেলেন।

পরবর্তী সময়ে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে ওই স্থানটি ঘিরে রাখা টিনের বেড়াও ভেঙে দেন। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভেঙে ফেলা কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language