জাতীয়

রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব আবর্জনা দূর করতে চাই: জামায়াত আমির

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ফজরের নামাজের পর রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার সকালে মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় এই কর্মসূচিতে যোগ দেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই এবং একটি পরিচ্ছন্ন দেশ গড়তে চাই।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, জুলাইয়ের পরিবর্তন না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনিও বিরোধী দলীয় প্রধান হতে পারতেন না। তাই সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার ক্লিন ঢাকা মহানগরী নামে কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই সময়ে বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারের আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language