অন্যান্য

হঠাৎ বিশ্বজুড়ে অচল ইউটিউব, ভোগান্তিতে কোটি গ্রাহক

বিশ্ব, ১৮ ফেব্রুয়ারি – বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব হঠাৎ করেই বিশ্বজুড়ে বিভ্রাটের কবলে পড়ে। মঙ্গলবার গভীর রাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা অভিযোগ করতে থাকেন যে, তারা ভিডিও দেখতে পারছেন না এবং প্ল্যাটফর্মটির হোমপেজ ঠিকমতো কাজ করছে না।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিবৃতি দেয় ইউটিউব কর্তৃপক্ষ। তারা জানায়, ব্যবহারকারীরা যদি ইউটিউবে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হন, তবে তারা একা নন এবং বিষয়টি সমাধানে তাদের কারিগরি দল কাজ করছে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি নিশ্চিত করে যে, মূলত ভিডিও সাজেশন বা রেকমেন্ডেশন সিস্টেমে ত্রুটির কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছিল। এর ফলে হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডস সেবায় বিঘ্ন ঘটে।

সমস্যাটি চিহ্নিত করে হোমপেজ পুনরায় সচল করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি, তবে পূর্ণাঙ্গ ফিক্স বা স্থায়ী সমাধানের জন্য কাজ অব্যাহত রয়েছে। বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, এক পর্যায়ে তিন লাখের বেশি ব্যবহারকারী সমস্যার কথা রিপোর্ট করেন। গ্রিনিচ মান সময় রাত ১টা বা বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে অভিযোগের মাত্রা সবচেয়ে বেশি ছিল, যা পরে ধীরে ধীরে কমে আসে। বিভ্রাটের চূড়ান্ত সময়ে অনেক ব্যবহারকারী হোমপেজে ‘পরে আবার চেষ্টা করুন’ বার্তাটি দেখতে পান। গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি প্রতি মাসে আড়াইশ কোটির বেশি মানুষ সক্রিয়ভাবে ব্যবহার করেন বলে এই সাময়িক বিভ্রাটে বিশ্বজুড়ে ব্যাপক অস্বস্তি তৈরি হয়।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language